শিবচরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

মাদারীপুরমাদারীপুরে গুলিতে বাচ্চু খলিফা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী এবং তিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বৃহস্পিতবার ভোর রাত ৪টার দিকে শিবচর উপজেলার শম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে।

বাচ্চু খলিফা শিবচরের খলিফা পট্টি এলাকার সফর খলিফার ছেলে। পুলিশ জানিয়েছে, নিহত বাচ্চুর বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। তিনি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, ‘প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধার পুলিশের একাধিক টিম টহল দিচ্ছিল। শিবচরের শম্ভুক নদের এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী দুই পক্ষের গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ। পুলিশ কাছাকাছি পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের গুলিতে বাচ্চু খলিফা আহত হন। আহত অবস্থায় বাচ্চু খলিফাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।’

পুলিশ সুপার আরও জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, তিন রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- ১৫ দিনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১১৯ জন: আসক