কুমিল্লায় ট্রাকের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু

কুমিল্লা

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রাকের চাপায় মো. সুমন মিয়া (৩৫) নামে সিএনজি চালিত এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুন) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উপজেলার বিপুলাসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সুমন বিপুলাসার ইউনিয়নের বিহড়া গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে সুমন তার সিএনজি চালিত অটোরিকশাটি বিপুলাসার বাজার এলাকায় সড়কের পাশে থামিয়ে রেখে যাত্রীর অপেক্ষায় ছিলেন। এসময় বেপোরোয়া গতিতে আসা একটি ট্রাক তার অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটোর ভেতরে থাকা চালক সুমন ঘটনাস্থলেই মারা যান। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে ট্রাকটিকে আটক করলেও কৌশলে পালিয়ে যায় ট্রাকের চালক।

মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. জামির হোসেন জিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।’ আটক ট্রাকটি নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।