প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি, এর ভয়াবহতা গ্রামেও ছড়িয়েছে, ক্যান্সারে রূপ নিয়েছে। মাদক নামের এই ক্যান্সার উৎখাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছেন। এখানে কোনও রাজনীতি নেই। কাউকে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে সমূলে মাদক উৎপাটন করা হবে।’
সিরাজগঞ্জের কুড়িপাড়ায় অসহায় মানুষের জন্য আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেছেন।
ইফতার মাহফিলে যোগ দেওয়ার আগে শহীদ এম মনসুর আলীর ভিটামাটিতে পারিবারিক অর্থায়নে নির্মাণাধীন ‘মনসুর আলী স্মৃতি মসজিদ’-এর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
এ সময় তার সঙ্গে সিভিল সার্জন ডা. কাজী মামীম হোসেন, এইচইডি-এর নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, শফিকুল ইসলাম, মিজানুর রহমান দুদু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।