টাঙ্গাইলে ‘কাচখেকো’ বাচ্চু মিয়ার প্রাণ গেলো বিদ্যুৎস্পৃষ্টে

টাঙ্গাইলটাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো ‘কাচখেকো’ নামে পরিচিত বাচ্চু মিয়ার। শুক্রবার (১ জুন) সকালে উপজেলার তিরঞ্চ গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

শুক্রবার সকালে বাচ্চু মিয়া খেতে কাজ করার সময় মাটিতে পড়ে থাকা পিডিবির (ওয়াপদা) লাইনের তারে জড়িয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাড়িতে নিয়ে এলে বাসাইল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তার পরিবার সূত্রে জানা যায়, বাচ্চু মিয়া কাচ খেতে পারতেন। প্রায় ১০ বছর ধরে কাচ খেতেন। বিভিন্ন অনুষ্ঠানেও তিনি কাচ খেয়ে জনতাকে আনন্দ দিতেন। এক সময় কাচ খাওয়াটা তার নেশায় পরিণত হয়। তিনি টাঙ্গাইলে কাচখেকো বাচ্চু মিয়া নামে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাসাইল থানার ওসি আনিচুর রহমান বলেন, ‘কৃষিকাজ করার সময় মাটিতে পড়ে থাকা পিডিবির তার সরানোর চেষ্টা করলে বাচ্চু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’