প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার মানুষের যোগাযোগের জন্য নির্মিত মেঘনা নদীর ফেরি সেবা ‘স্বর্ণচাঁপা’ উদ্বোধন করবেন। রবিবার বেলা ১১টায় এ সেবা উদ্বোধন করা হবে বলে শনিবার (২ জুন) বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডাব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান জানিয়েছেন।
মো. আশিকুজ্জামান জানান, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামীকাল (রবিবার) বেলা ১১টায় ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসময় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত থাকবেন– স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান মো. মফিজুল হক প্রমুখ।
মুন্সীগঞ্জ-গজারিয়া ফেরি সার্ভিসের প্রকল্প পরিচালক আব্দুর রহিম তালুকদার জানান, নিজস্ব অর্থায়নে চার কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় স্বর্ণচাঁপা নির্মাণ করা হয়েছে। নদীর দুই পাড়ের রাস্তা খারাপ। তাই যানবাহন পারাপারে তেমন চাপ পড়বে না বলেই মনে হচ্ছে। আপাতত 'গাড়ির চাপ বুঝে' ফেরি সার্ভিসের সময় নির্ধারণ করা হবে।
স্থানীয় সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস বলেন, ‘মুন্সীগঞ্জ সদর থেকে গজারিয়া অনেকটা বিচ্ছিন্ন ছিল। ফেরি সার্ভিস চালু হলে এ সমস্যা থাকবে না। এর মাধ্যমে আবার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
তিনি আরও বলেন, ‘ফেরি সার্ভিস চালুর পাশাপাশি রাস্তার উন্নয়নের জন্য ৮২ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।’