মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘গ্রাম-গঞ্জেও ভয়াল থাবা বসিয়েছে মাদক। এতে অনেকের পরিবার-সংসার তছনছ হয়ে যাচ্ছে। ইয়াবা ডনরা যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আইন-শৃঙ্খলা বাহিনীকে মাদকসেবী ও ব্যবসায়ীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। এই অভিযান নিয়ে রাজনীতির কোনও সুযোগ নেই।’
শনিবার (২ জুন) বিকালে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ অফিস মাঠে ইফতার-পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জের মানুষের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যমুনা নদীর ভাঙন প্রতিরোধে চারশ’ ৬৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে। পানি উন্নয়ন বিভাগ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। চলতি বর্ষা মৌসুমে সিরাজগঞ্জ ও কাজীপুর উপজেলার এক ইঞ্চি জমিও আর যমুনায় বিলীন হবে না।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের সরকার। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই হবে।’
কাজীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাকার। এতে আরও উপস্থিত ছিলেন– সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম তালুকদার মধু, পৌরমেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ।