টেকনাফে ‘ইয়াবা পাড়া’য় পুলিশের নিষ্ফল অভিযান

মৌলভী পাড়ায় এক ইয়াবা ব্যবসায়ীর বাড়ি (ছবি- প্রতিনিধি)

ইয়াবা ব্যবসায়ীদের ধরতে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ায় হানা দিয়েছে পুলিশের বিশেষ দল। শনিবার (২ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে স্থানীয়দের কাছে ‘ইয়াবা পাড়া’ বলে পরিচিত মৌলভী পাড়ায় পুলিশ অভিযান চালায়। তবে এ অভিযানে কাউকে গ্রেফতার বা কোনও ধরনের মাদক জব্দ করা যায়নি।

বৃহস্পতিবার (৩১ মে) অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনে ‘রাজপ্রাসাদ ছেড়ে পালিয়েছে ইয়াবা বাবারা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে পুলিশের এ তৎপরতা শুরু হয়।

পুলিশ সূত্র জানায়, শীর্ষ ইয়াবা ব্যবসায়ীদের ধরতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া ও ওসি (তদন্ত) মো. আতিকের নেতৃত্বে পুলিশের একটি দল মৌলভী পাড়ায় অভিযান চালায়। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে স্বরাষ্ট্রমন্ত্রালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী একরাম, আবদুর রহমান, মোহাম্মদ আলী, আবুল কালাম ওরফে কালা ও জাফর আলমের রাজপ্রাসাদের মতো বাড়িতে হানা দেয় পুলিশ। তবে বাড়িগুলো থেকে কাউকে গ্রেফতার বা কোনও ধরনের মাদক উদ্ধার করা যায়নি।

মৌলভী পাড়ায় এক ইয়াবা ব্যবসায়ীর বাড়ি (ছবি- প্রতিনিধি)

পুলিশ সূত্র আরও জানায়, টেকনাফে মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ এপর্যন্ত ৬ জন নিহত হয়েছে। এ অভিযানের ভয়েই মৌলভী পাড়ার মাদক ব্যবসায়ীরা গা-ঢাকা দিয়েছে।

এ ব্যাপারে ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ইয়াবা ব্যবসায়ীদের ধরতে তাদের রাজপ্রসাদের মতো বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।’ তবে রাসেল নামে একজনকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলেও জানান ওসি।

গতকাল শুক্রবারও পুলিশ ইয়াবা ব্যবসায়ীদের বাড়িতে অভিযান চালায়। তবে এদিনও কাউকে গ্রেফতার বা কোনও মাদকদ্রব্য জব্দ করতে পারেনি তারা।