ধান বোঝাই ট্রাক খাদে পড়ে আহত পাঁচ, নিখোঁজ ৩




খাদের ভেতরে উল্টে পড়া ট্রাকশরীয়তপুরের আটংয়ে একটি ধান বোঝাই ট্রাক খাদে পড়ে পাঁচ জন  আহত ও তিন জন নিখোঁজ রয়েছেন। শনিবার (২ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা ট্রাকের নিচে চাপা পড়ে আছেন বলে জানান ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।

ফায়ার সার্ভিস ও ট্রাকে থাকা অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধান বোঝাই ট্রাকে ১২ জন কৃষি শ্রমিক ছিলেন। তাদের সবার বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাকবসিয়া গ্রামে। শরীয়তপুর সদর উপজেলার আচূড়া গ্রামে ধান কাটা শেষে নিজেদের ভাগের ধান নিয়ে তারা সাতক্ষীরা ফিরে যাচ্ছিলেন। শনিবার রাত পৌন ১০ টার দিকে আচূড়া থেকে ট্রাকটি রওনা দেয়। কিন্তু ভাঙাচোরা সড়ক দিয়ে এক কিলোমিটার না যেতেই ট্রাকটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে উল্টে যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ৯ জন শ্রমিককে জনকে উদ্ধার করেন। এদের মধ্যে আহত পাঁচজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া, রহমত আলী গাজী, নাইমুল ইসলাম ও ইদ্রিস আলী নিখোঁজ রয়েছেন। ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছে।

আহতরা হচ্ছেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাকবসিয়া গ্রামের আব্দুল হামেদ (৩০), মহসিন (৪০), ইসমাইল (৪০), রবিউল গাজী (১৮) ও আব্দুল মালেক (২০)। এদের মধ্যে মহসিন ও ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরেফিন নোমান জানান, ট্রাক দুর্ঘটনায় আহত পাঁচজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে মহসিন ও ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

আহত কৃষি শ্রমিক রবিউল গাজী বলেন, ‘আমরা ১২ জন ট্রাকে ছিলাম। এদের মধ্যে রহমত আলী, নাইমুল ও ইদ্রিসকে পাওয়া যাচ্ছে না। তারা হয়তো ট্রাকের নিচে চাপা পড়েছে।’

শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, ট্রাকের নিচে দুই বা তিনজন শ্রমিক চাপা পড়ে আছেন।  শুধু একজনের হাত দেখা যাচ্ছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা কম।তাদের উদ্ধারে আমরা  সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।’