শরীয়তপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক নিয়াজ আহমেদ তিন শ্রমিকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ট্রাকের নিচ থেকে কাদা সরিয়ে প্রথমে নাইমুলের এবং পরে বাকি দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে শরীয়তপুরের আটংয়ে সাতক্ষীরাগামী একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ট্রাকটিতে ১২ জন শ্রমিক ছিলেন। এদের মধ্যে রহমত আলী গাজী, নাইমুল ইসলাম ও ইদ্রিস আলী ট্রাকের নিচে চাপা পড়েন। আর আব্দুল হামেদ, মহসিন, ইসমাইল, রবিউল গাজী ও আব্দুল মালেক আহত হন। আহত ও নিহত শ্রমিকদের সবার বাড়ি সাতক্ষীরার কাকবসিয়া গ্রামে। তারা ধানকাটা শ্রমিক হিসেবে শরীয়তপুরে এসেছিলেন। ধান কাটা শেষে নিজেদের মজুরি হিসেবে প্রাপ্য ধান নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছিলেন।