লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতলক্ষ্মীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। রবিবার সকাল থেকে দুপুরে পর্যন্ত অভিযান চালিয়ে জেলা শহরের ঝুমুর হোটেল, নুরজাহান হোটেল, বসুন্ধরা ফুড, সুইস বেকারিসহ ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনের চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারের অপরাধে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে।

একই সময় মিয়া আবু তাহের সড়কে ইব্রা ভিলার চারতলা ভবনের আবাসিক গ্রাহক ঠিকাদার ইসমাইল অনুমোদিত একটির স্থলে দীর্ঘদিন চারটি চুলা ব্যবহার করার অভিযোগে তার গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাজান আলীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় অভিযুক্তরা দোষ স্বীকার করায় জরিমানা করাসহ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের লক্ষ্মীপুরের আঞ্চলিক ব্যবস্থাপক আলতাফ হোসেন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।