‘গাজীপুর সিটি নির্বাচনে নৌকার বিজয়ে ভূমিকা রাখবেন নারীরা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ফটো)আগামী ২৬ জুন অনুষ্ঠেয় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ে নারী ভোটাররা ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘নারীদের সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করেছেন। গাজীপুরে নার্সিং প্রশিক্ষণ কলেজ নির্মাণ ও শ্রমিকদের মজুরি বাড়ানোসহ অসংখ্য উন্নয়নমূলক করেছে সরকার। এসব বিষয় বিবেচনা করে নারী ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেবেন।’

রবিবার (৩ জুন) গাজীপুরের বাসন উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দলের মেয়র প্রার্থী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘আওয়ামী লীগ বর্তমানে সরকার পরিচালনা করছে। আমি নির্বাচিত হলে সরকার প্রধান শেখ হাসিনার সহযোগিতায় সহজে গাজীপুর সিটির উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে পারবো। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সেলিনা ইউনুস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হুসনা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মহানগর আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, জয়নাল আবেদীন, মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমেদ, ফজলুল হক, রজব আলী, মো. মনিরুজ্জামান মনির, রশিদ ভূইয়া, বিল্লাল হোসেন, নাজমা আক্তার, ফিরোজা বেগম, রাশিদা বেগমসহ অনেকে।