‘বন্দুকযুদ্ধে’ নিহত কামুর বড় ভাইও মাদক মামলায় কারাগারে

 

গাজীপুরগাজীপুরে গত বৃহস্পতিবার (৩১ মে) রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত কামাল ইসলাম ওরফে কামুর (৩২) বড় ভাই আকবর হোসেন জাহিদকেও (৩৩) মাদকের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পরিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিবারের অভিযোগ, কামাল ইসলাম ওরফে কামুর সঙ্গে তার বড় ভাই আকবর হোসেন জাহিদকেও (৩৩) বাড়ি থেকে ধরে নিয়ে যায় জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। শুক্রবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ কামু নিহত হয় বলে জানায় পুলিশ, কিন্তু জাহিদের ব্যাপারে কিছু জানায়নি। পরে রবিবার (৩ জুন) জানা যায়, মাদকের মামলা দিয়ে জাহিদকে কারাগারে পাঠানো হয়েছে। তবে জাহিদের নামে কোনও মামলা ছিল না বলে দাবি পরিবারের।

গাজীপুর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, আকবর হোসেন জাহিদ নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়েছে। সে কামুর ভাই কিনা তা জানা নেই। এ ব্যাপারে জাহিদের পরিবারের অভিযোগ সঠিক নয় বলে পুলিশের দাবি।

‘বন্দুকযুদ্ধে’ নিহত কামাল ওরফে কামুর স্ত্রী আছমা বেগমের অভিযোগ, ‘যেদিন ভোরে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আমার স্বামীকে নিয়ে যায়, সেদিন ভোরে নির্মাণাধীন বাড়ি থেকে আমার ভাসুর জাহিদকেও নিয়ে যায় পুলিশ। আমার স্বামীর নিহত হওয়ার খবর পেলেও ভাসুরের কোনও খোঁজ আমরা পাইনি। রবিবার আমরা জানতে পারি, আমার ভাসুরের নামে সাজানো মাদক মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।’ জাহিদের নামে এর আগে কোথাও কোনও মাদক মামলা ছিল না বলেও জানান তিনি।

তিনি আরও জানান, তারা ৬ কাঠা জমি কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করেছেন। এর জন্য গত প্রায় ৬ মাস আগে থেকে ওই এলাকায় ভাড়া থাকতে শুরু করেন। প্রায় ২০ দিন আগে জাহিদ লক্ষ্মীপুরের রায়পুর থানার পূর্ব দেবীপুর থেকে তাদের বাড়ি বেড়াতে আসেন। এর পর তাকেই বাড়ির নির্মাণকাজ দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়। ওই বাড়ি থেকেই জাহিদকে ধরে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ কামুর স্ত্রী আছমার।

এই নির্মাণাধীন বাড়ি থেকে জাহিদকে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ

এ ব্যাপারে গাজীপুর জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (ডিবি) আমীর হোসেন জানান, ‘আকবর হোসেন জাহিদ নিহত কামাল খানের ভাই কিনা জানা নেই। তবে সে একজন মাদক ব্যবসায়ী। ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে এবং ২শ’ পিস ইয়াবা তার লুঙ্গির কোচা থেকে উদ্ধার করা হয়। পরে ১ জুন জয়দেবপুর থানায় মাদক আইনে মামলা (নম্বর-৪, তারিখ ০১.০৬.২০১৮) দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে নিহত কামালের স্ত্রী আছমা বেগমের অভিযোগ সঠিক নয়।’

মামলার বিবরণে জানা গেছে, আকবর হোসেন জাহিদ জয়দেবপুর থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ১ জুন ভোর আনুমানিক পৌনে ৭টার দিকে জয়দেবপুরের ধীরাশ্রম রেলক্রসিং চৌরাস্তা এলাকায় মাদক কেনাবেচার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে আকবর হোসেন জাহিদ ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় ২-৩ জন সহযোগী পালিয়ে গেলেও আকবর হোসেন জাহিদকে ২শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সদানন্দ বৈদ্য বাদী হয়ে মামলাটি দায়ের করেন।