বেনাপোলে যাত্রীর পেটের ভেতর থেকে ৭টি স্বর্ণের বার উদ্ধার

পেটের ভেতর থেকে উদ্ধার করা স্বর্ণ

বেনাপোল চেকপোস্ট কাস্টমসে লাভলু ব্যাপারী (২৫) নামে এক পাসপোর্ট যাত্রীর পেটের ভেতর থেকে মোট ৭শ’ গ্রাম ওজনের ৭টি সোনার বার উদ্ধার করা হয়েছে। লাভলু শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকে-নগর গ্রামের আব্দুল মান্নান ব্যাপারীর ছেলে। তার পাসপোর্ট নম্বর বিপি-০৫০৫১৮৮। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।  

বৃহস্পতিবার (৭ জুন) বিকাল ৬টার দিকে ট্রাভেল ট্যাক্স চেকিং পয়েন্ট থেকে লাভলু ব্যাপারীকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, আগে থেকে তাদের কাছে গোপন তথ্য ছিল যে লাভলু  নামে একজন পাচারকারী বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে ভারতে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমসের টিটি চেক পয়েন্টে আগে থেকে  গোপন অবস্থান করে লাভলুকে আটক করে। এরপর বেনাপোল বাজারে নিয়ে এক্সরে করার পর লাভলুর পেটের ভেতর ৭টি সোনার বারের সন্ধান পাওয়া যায়। পরে তাকে জুস ও পানি পান করিয়ে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো বের করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।