ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামীম হোসেন (৪২) নামে একজন ‘মাদক ব্যবসায়ী’ নিহত ও বেলাল হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, এসময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার ( ৮ জুন) রাত দেড়টায় দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত শামীম হোসেন রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে।
এ ব্যাপারে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ধর্মগড় এলাকার ভদ্রেশ্বরী এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় শামীমসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলি বর্ষণের ফলে শামীম হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। বেলাল হোসেন নামে তার এক সহযোগীও গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় আহত হয়েছে দুই পুলিশ সদস্য। পরে ঘটনাস্থল থেকে পুলিশ শামীমের লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠায়।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শামীমের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।