বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে মিজানুর রহমান মণ্ডল মিজানের (২৮) লাঠির আঘাতে বাবা নিজাম উদ্দিন মণ্ডল (৫৫) মারা গেছেন। শুক্রবার (৮ জুন) সকালে উপজেলার কানতারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে মিজানকে আটক করে পুলিশে দেন প্রতিবেশীরা। শিবগঞ্জ থানার ওসি শাহীদ মাহমুদ খান এ খবর নিশ্চিত করেন।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন মাদক সেবন করায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে মিজান। এজন্য তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। গত রবিবার সে শিকল খুলে ফেলে এবং স্বাভাবিক আচরণ করতে থাকে।
সূত্র আরও জানায়, শুক্রবার সকাল ৭টার দিকে মিজান তার বাবার কাছে মাদকদ্রব্য কেনার জন্য টাকা চায়। এতে বাবা নিজাম উদ্দিন রাজি না হলে মিজান ক্ষুব্ধ হয় এবং বাবার সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে। একপর্যায়ে মিজান লাঠি নিয়ে তার বাবা নিজাম উদ্দিনের ওপর হামলা করে। এ সময় ভয়ে দৌড় দেন নিজাম উদ্দিন। কিন্তু বাড়ির পাশে রাস্তায় পা পিছলে পড়ে যান তিনি। তখন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে মিজান। এতে নিজাম উদ্দিন জ্ঞান হারিয়ে ফেলেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আটকে রাখা মিজানকে পুলিশের হাতে সোপর্দ করেন প্রতিবেশীরা। পুলিশ নিজামের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ওসি শাহীদ মাহমুদ খান বলেন, ‘মিজান পাগল; কোন কথা বলে না। তার পায়ে বেড়ি পরানো আছে। তার লাঠির আঘাতে বাবা নিজাম মারা গেছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি।’