শুক্রবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুরকে একটি পরিকল্পিত গ্রিন সিটি এবং ক্লিন সিটি হিসাবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন। অপরদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার নগরীতে সড়ক যোগাযোগের বেহাল দশায় জনগণের দুর্ভোগের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে ভোট না চেয়ে নগরবাসীর কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছেন।
এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি সিটি করপোরেশনের পৃথক দু’টিস্থানে নিজেদের নির্বাচনি এলাকায় আয়োজিত আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিলে যোগ দেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি শুক্রবার বিকালে মহানগরের ১৬ নম্বর ওয়ার্ডের চান্দনা ঈদগাহ মাঠে বাসন সাংগঠনিক থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট সফিকুল ইসলাম বাবুল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় মন্ত্রী বলেন, ‘সরকার গাজীপুরের উন্নয়নে বিপুল পরিমাণ টাকা বরাদ্দ দিয়েছে। উন্নয়নের এ ধারা অব্যহত রাখতে সহযোগিতা করুন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে সমর্থন দিয়ে বিজয়ী করার জন্য গাজীপুরবাসীর প্রতি আহ্বান জানান।
মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের পুবাইল কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর মার্কা নৌকা। বাংলাদেশে নৌকা মার্কা যখনই ক্ষমতায় থাকে তখনই দেশের উন্নয়ন হয়।’ গাজীপুরে উন্নয়নের জন্য আগামী সিটি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
বিএনপি’র মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার শুক্রবার টঙ্গীতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, ‘বৃষ্টির পর জলাবদ্ধতায় গাজীপুর নগরবাসীর দুর্ভোগের জন্য কারা দায়ী নগরবাসী তা ভালো করেই জানেন। বর্তমান মেয়র অধ্যাপক এম এ মান্নানকে কাজ করার সুযোগ দিলে আজ গাজীপুর নগরবাসীর এই দুর্ভোগ পোহাতে হতো না। মেয়র মান্নান সর্বশেষ প্রায় পৌনে চারশ’ কোটি টাকার টেন্ডার আহ্বান করেছিলেন। কিন্তু পারসেন্টেজ ও টেন্ডারবাজি করার সুযোগ না পেয়ে মেয়র মান্নানকে সেই কাজ করতে দেওয়া হয়নি।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থীর উদ্দেশে তিনি বলেন, ‘বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করে ওই টেন্ডার স্থগিত করিয়েছিলেন যা গাজীপুরবাসীর কারোরই অজানা নয়। তাই টেন্ডার বন্ধ করে নগরবাসীর দুর্ভোগ সৃষ্টির অপরাধে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর ভোট না চেয়ে নগরবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।’ পরে তিনি ইফতার পাটিঁতেও যোগ দেন।
আরও পড়ুন- বসে নেই প্রার্থীরা, কৌশলে চলছে নির্বাচনি প্রচার