ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কাপাশহাটি গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর আসিফ নামে এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নির্যাতনের শিকার শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৮ জুন) বিকালে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
শিশুটির মা বলেন,‘ শুক্রবার বিকালে কাঠাল খাওয়ার লোভ দেখিয়ে আমার মেয়েকে আসিফ তার বাড়িতে নিয়ে যায়। পরে পাশের ঠাকুরবাড়ি বাঁশবাগানে নিয়ে চোখ বেঁধে নির্যাতন করে পালিয়ে যায় আসিফ। বাড়ি ফিরে মেয়ে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা করি।আমি আসিফের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. অপুর্ব কুমার সাহা বলেন, রাতে ধর্ষণের কেস নিয়ে একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তার ডাক্তারি পরীক্ষার পর, রিপোর্ট এলে বিস্তারিত বলা যাবে।’
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি বলেন, ‘নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা পেয়েছি। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’