‘আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিনি বলেন, ‘একটি সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশ গড়ার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশ গড়তে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

শনিবার (৯ জুন) সন্ধ্যায় রাজবাড়ী শহরের পান্না চত্বরে কেনটন চাইনিজে জেলা আওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজী কেরামত আলী, এমপি।

ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, জেলা মহিলা লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসন ৩৮-এর সংসদ সদস্য মিসেস কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও সহ-সভাপতি আব্দুস সোবাহান।