নিহত মাজেদ মণ্ডল খোকসা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের ৫নং ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জয়ন্তিহাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর ইউনিয়নের মৃত সোহরাব মণ্ডলের ছেলে।
কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দফাদার গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস বলেন, ‘শনিবার সন্ধ্যায় আব্দুল মাজেদ মণ্ডল ইফতার করতে জয়ন্তিহাজরা ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামে যান। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি। রবিবার সকালে শুনতে পেলাম রাজবাড়ী জেলার পাংশায় তার লাশ পাওয়া গেছে।’
কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার জয়ন্তিহাজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ইউপি সদস্য আব্দুল মাজেদ মণ্ডলের লাশ তার পরিবারের সদস্যরা শনাক্ত করেছে। লাশ দেখতে পরিষদের দায়িত্বপ্রাপ্তরা রাজবাড়ী জেলায় রওনা হয়েছেন।
রাজবাড়ী জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ফজলুল করিম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল রিপার্টে শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদরের মর্গে পাঠানো হবে। হত্যার সঠিক কারণ তদন্তে মাঠে নেমেছে পুলিশ।