মুন্সীগঞ্জ শহরের জজকোর্ট সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ জুন) বেলা সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রূপচান শেখ (৫০) একজন সিএনজি চালক। তিনি শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের কল্লীগাও গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কোর্টের সামনে একটি হোটেল থেকে নাস্তা করে রাস্তা পারাপারের সময় ব্যটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক মারা যান।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনির হোসেন জানান, বেলা ১১টার দিকে হাসপাতালে ওই ব্যক্তির মৃতদেহ নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গিয়েছিলেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, সকাল সাড়ে ১০টার দিকে কোর্ট এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সিএনজিচালক নিহত হয়। অটোরিকশার চালক মো. নাছির সর্দার (৪০)-কে আটক করা হয়েছে।