সংবর্ধনা অনুষ্ঠানে সেলিম ওসমান এমপিনারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান বলেছেন, ‘মার্কা কোনও বড় বিষয় নয়। আপনাদের দোয়া থাকলে মার্কা ছাড়াও সেলিম ওসমান নির্বাচন করতে পারবে। মার্কার জন্য আমি কারও হাতে পায়ে ধরতে পারবো না। আজ আমার মা নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বলে দেবেন তোমাকে এই মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। কারও বলতে হবে না নারায়ণগঞ্জের ৫টা আসনে নৌকা চাই। তাতে নেত্রীকে অসম্মান করা হয়। এই নেত্রী নৌকার ওপর লাঙ্গল তুলে দিয়ে গেছেন। নেত্রীর নির্দেশ ছাড়া সেলিম ওসমান চলবে না। ওনার অনুমতি আমার লাগবে নির্বাচন করার জন্য। উনি যদি বলেন, সেলিম পারলাম না তুই কিছু কর? তাহলে আনারস মার্কা তো আছেই, প্রবলেম কোথায়?’
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জের নগরীর খানপুরে সংসদ সদস্য হওয়ার চার পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
চেম্বার সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান, ক্রীড়া সংগঠক কুতুবউদ্দিন আকসির, জেলা বিএমএ সভাপতি ডা. শাহনেওয়াজ, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের, জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলসহ অনেকে।
আরও পড়ুন- আমরা পরিশ্রম করেছি তাই ভালো ফল পাচ্ছি: জাহাঙ্গীর