গাজীপুর মহানগরের পূবাইলে ট্রাকের ধাক্কায় চালকসহ অটো-রিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। বুধবার (২৭ জুন) দুপুরে পূবাইলের মেঘডুবিতে (তিন রাস্তার মোড়ে) এ দুর্ঘটনা ঘটে। নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিন্নাহ এ খবর নিশ্চিত করেন।
নিহত অটোচালক শুক্কুর আলী নারায়ণগঞ্জের কাজীরটেক এলাকার মফিজ মিয়ার ছেলে। নিহত দুই যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই জিন্নাহ জানান, দুপুরে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা পূবাইলের মেঘডুবি চৌরাস্তার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অন্য এক যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। আহত অন্য আরও দুই জনকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।