ভেদাভেদ ভুলে ধানের শীষকে জয়ী করার আহ্বান আরিফের

নেতাকর্মীদের উদ্দেশে কথা বলছেন আরিফুল হক চৌধুরী (ছবি- প্রতিনিধি)

দলের মনোনয়ন নিয়ে সিলেটে পৌঁছেই নেতাকর্মীদের উদ্দেশে ভেদাভেদ ভুলে ধানের শীষকে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। বুধবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ঢাকা থেকে দলের মনোনয়ন নিয়ে সিলেটের কুমারপাড়ায় পৌঁছান। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করার পর তাদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

নেতাকর্মীদের উদ্দেশে আরিফ বলেন, ‘বিএনপি একটি বড় দল, এখানে মনোনয়নের লড়াই থাকবেই। দলের সর্বোচ্চ নেতারা বিচার-বিশ্লেষণ করেই ধানের শীষের বিজয় ধরে রাখতে আবারও আমাকে মনোনয়ন দিয়েছেন। ধানের শীষ প্রতীককে জয়ী করতে দলের তৃণমূলের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে একইসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

মহানগর বিএনপির একটি সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে আরিফুল হক চৌধুরী কুমারপাড়ায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। এরপর বাসায় গিয়ে তিনি তার মায়ের পা ছুঁয়ে সালাম করেন এবং দল থেকে মনোনয়ন পাওয়ার খবরটি জানান।

মায়ের পা ছুঁয়ে সালাম করছেন আরিফুল হক চৌধুরী (ছবি- প্রতিনিধি)

সূত্র আরও জানায়, আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুন) দুপুরে হযরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করার পর মেয়র আরিফ মনোনয়ন দাখিল করবেন।

এদিকে, মেয়র পদে মনোনয়ন দাখিলকারী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেন, ‘দলের এমন সিদ্ধান্তে আমি মর্মাহত। এবারের সিটি নির্বাচনে সিলেটে বিএনপির নতুন প্রার্থী দেখতে চেয়েছিলাম। কিন্তু দলের হাই-কমান্ড আরিফকে পুনরায় মনোনয়ন দেওয়ায় আমি খুশি নই।’

মনোনয়ন প্রত্যাহার করবেন কিনা, এ প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। দলের সিনিয়র নেতারাসহ সিলেটের প্রবীণ মুরব্বিদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবো।’