রাসিক নির্বাচনে ২২৭ প্রার্থীর মনোনয়নপত্র জমা

মনোনয়নপত্র জমা দিচ্ছেন জাতীয় পার্টির ওয়াসিউর রহমান ওরফে দোলন (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে মোট ২২৭ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রাজশাহী আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মেয়র পদে ছয় জন, সাধারণ কাউন্সিলর পদে ১৬৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেন।

সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটানিং অফিসার আতিয়ার রহমান বলেন, মোট ২২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ছয় জন। এর মধ্যে পাঁচ জন দলীয় ও একজন স্বতন্ত্র প্রার্থী।’

তিনি আরও বলেন, আগামী ১ ও ২ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ৯ জুলাই প্রত্যাহার এবং ১০ জুলাই প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৩০ জুলাই নির্বাচন হবে।

মনোনয়নপত্র জমা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ (ছবি- প্রতিনিধি)

মেয়র প্রার্থীরা হলেন– আওয়ামী লীগের মনোনীত এএইচএম খায়রুজ্জামান লিটন, বিএনপির মনোনীত মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির ওয়াসিউর রহমান ওরফে দোলন, বাংলাদেশ জাতীয় পার্টির হাবিবুর রহমান, ইসলামী আন্দোলনের সফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মুরাদ মোর্শেদ মনোনয়নপত্র দাখিল করেন।

রাসিক নির্বাচনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ১৩৮ জন। এই সিটিতে পুরুষ ভোটার একলাখ ৫৬ হাজার ৮৫ জন। নারী ভোটার একলাখ ৬২ হাজার ৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের চেয়ে পাচঁ হাজার ৯৬৮ জন নারী ভোটার বেশি। ৩০টি ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে ভোটকেন্দ্র ১৩৭টি। কেন্দ্রের কক্ষ ১ হাজার ২২টি।