মোটর সাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত আবু জাফর অনিক হত্যা মামলায় আরও এক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৮ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম শফিউদ্দিন এ রিমান্ড মঞ্জুর করেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার (২৭ জুন) এই মামলায় ভারত থেকে গ্রেফতার দুই আসামি মহিউদ্দিন তুষার ও এখলাসুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামির নাম জোবায়েদ আহম্মদ শোভন। ২৫ জুন রাতে পুলিশ তাকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে গ্রেফতার করে। একই সময় পুলিশ তার ছোট ভাই জোনায়েদ আহমেদ ইমনকেও গ্রেফতার করে। দু’জনই ওই মামলার এজহারভুক্ত আসামি।
নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা শোভন ও ইমন। শুনানি শেষে আদালত শোভনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি ইমন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার রিমান্ড আবেদনের শুনানি শিশু আদালতে সম্পন্ন করার আদেশ দিয়েছেন বিচারক।’
গত ১৭ জুন রাতে নগরীর চট্টেশ্বরী পল্টন রোডে তুষার ও শোভনসহ অন্যরা আবু জাফর অনিককে ছুরিকাঘাত করে। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ওই দিন বিকালে মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে অনিকের ভাই আবু হেনা রনিকের সঙ্গে নগরীর ব্যাটারি গলিতে ইমন, মহিন উদ্দিন তুষারসহ একদল তরুণের কথা কাটাকাটি হয়। রাতে অনিক ও তার বাবা নাছির উদ্দিন বিষয়টি সমাধান করতে গেলে তুষাররা তার বাবার সামনেই অনিককে ছুরিকাঘাত করে।
এ ঘটনায় অনিকের বাবা মো. নাছির উদ্দিন ১২ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা দায়ের করেন। ওই মামলার পুলিশ এই পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে।