পদ্মা সেতুতে আরেকটি স্টিলের অবকাঠামো (স্প্যান) বসছে আগামীকাল শুক্রবার। ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর এই স্প্যান বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (মূল সেতু) হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, ‘সবকিছু ঠিক থাকলে শুক্রবার দুপুরের দিকে ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যান-৭ এস। এটি পদ্মা সেতুর পঞ্চম স্প্যান। আজ (বৃহস্পতিবার) এ স্প্যানটিকে ৪১ ও ৪২ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, “আজ (বৃহস্পতিবার) সকালে মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে বিশ্বের সবচেয়ে বড় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’-তে করে স্প্যানটিকে সেতুর জাজিরা প্রান্তে নেওয়া হয়।”
প্রকৌশলীরা জানান, চারটি স্প্যান বসানোর পর সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হয়েছে। পঞ্চম স্প্যানটি বসলে সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হবে। পঞ্চম স্প্যানটি বসানোর জন্য তারা প্রস্তুত।
তারা আরও জানান, গতকাল বুধবার স্প্যানটিকে জাজিরা প্রান্তে নেওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় তারা স্প্যানটিকে সেখানে নিতে পারিনি। আগামীকাল সকাল থেকেই স্প্যান বসানোর কাজ শুরু হবে। তবে সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার ওপরে।
প্রকৌশলীরা জানান, পদ্মা সেতুর প্রতিটি স্প্যান ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজন। মোট ৪২টি পিলারের ওপর স্প্যান বসবে ৪১টি। ৪০টি পিয়ার থাকবে নদীর ওপর ও বাকি দু’টি নদীর তীরে।