কুমিল্লার লাকসামে ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে ট্রেন। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে। শুক্রবার (২৯ জুন) লাকসাম পৌর সদরের পূর্ব লাকসাম কসাইখানা এলাকায় এ ঘটনা ঘটে।
লাকসাম রেলওয়ে থানার ওসি ওসমান গনি পাঠান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’
এলাকাবাসী সূত্রে জানায়, ঢাকা-চট্টগ্রাম রেলপথের চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি পূর্ব লাকসাম কসাইখানা এলাকা অতিক্রম করার সময় মাটিবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।
ওসি ওসমান গনি পাঠান বলেন, ‘দুর্ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি পড়ে থাকতে দেখি।’
তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে তদন্ত চলছে। ট্রাক চালক ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’