ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। শুক্রবার (২৯ জুন) সন্ধ্যা ৭টায় ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস ত্রিশালের সাইনবোর্ড এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২৫ বছর বয়সী এক নারী ও ৩০ বছর বয়সী অজ্ঞাত এক পুরুষ মারা যান। এসময় আহত হন আরও ১৫ যাত্রী।

ওসি জাকিউর রহমান জানান, নিহত দুই জনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস আটক করা হলেও চালক পালিয়েছে।