নির্বাচনি মাঠে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির মেয়রপ্রার্থীর

কর্মিসভায় অন্যান্যের মধ্যে মজিবর রহমান সরোয়ার (ছবি- প্রতিনিধি)

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী মজিবর রহমান সরোয়ার। শনিবার (৩০ জুন) দুপুরে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকায় নিজ বাসভবনে অনুষ্ঠিত এক কর্মিসভায় তিনি এ আহ্বান জানান।

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘ভয়ভীতি উপেক্ষা করে কারচুপি প্রতিরোধে ভোটের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। গণ-রায়ের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটের অধিকার ফিরিয়ে আনতে সব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভোটাররা যাতে নিশ্চিন্তে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে।’

মজিবর রহমান সরোয়ার বলেন, ‘গাজীপুর সিটি নির্বাচনে নানা অনিয়ম, কারচুপি, নৌকার পক্ষে সিল মারা ব্যালট পেপার সরবরাহসহ কেন্দ্র দখলের বিভিন্ন ঘটনা ঘটেছে। তবে বরিশাল সিটি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীরা মাঠে সক্রিয় থেকে কাজ করতে পারলে ভোট ডাকাতির সাহস পাবে না কেউ।’

কর্মিসভায় আরও বক্তব্য রাখেন– বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপি উপদেষ্টা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক আনায়ারুল হক তারিন ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন প্রমুখ।