টেকনাফে বুকে লোহার রড ঢুকে শিশুর মৃত্যু

কক্সবাজারকক্সবাজারের টেকনাফে বুকে লোহার রড ঢুকে ফাহিমা আক্তার (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের মধ্যম মহেশখালীয়া পাড়ার ছৈয়দুল ইসলামের মেয়ে। শনিবার (৩০ জুন) দুপুরে মহেশখালীয়া পাড়ায় একটি নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে নির্মাণাধীন বসত বাড়ির আঙ্গিনায় খেলা করছিল ফাহিমা আক্তারসহ কয়েকটি শিশু। এ সময় হঠাৎ শব্দ শুনে ঘর থেকে বের  হয়ে পরিবারের লোকজন  ফাহিমাকে  বুকে লোহার রড বিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে  টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শুপ্তা দাশ বলেন, ‘শিশুটির ডান বুকে ছিদ্র হয়ে পেছনে বাম দিক দিয়ে বের হয়েছে। তবে এটি কিসের আঘাতের চিহ্ন সেটা নিশ্চিত করা যাচ্ছে না।’
জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন, ‘পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশটি দাফনের অনুমতি নেওয়া হয়।’