কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় জুয়া খেলায় বাধা দেওয়ায় মাদকাসক্তের ছুরিকাঘাতে মো. স্বপন (৪৫) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছে। সোমবার বিকেল পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত স্বপন ওই এলাকার আব্দুর রহিম মাস্টারের ছেলে।
অভিযুক্ত মাদকাসক্ত শাহ আলমকে স্থানীয় লোকজন পিটুনি দিলে সে গুরুতর আহত হয়। তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে ভর্তি করা হয়েছে।
পারিবারের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্বপনের বাসার পাশে নিয়মিত জুয়া ও মাদকের আসর বসাতো শাহ আলম। দুপুর ১টার দিকে তাদের জুয়া খেলায় বাধা দেন স্বপন। বাধা পেয়ে সেখান থেকে চলে যায় শাহ আলম। বিকেলে পৌনে তিনটার দিকে বাসার পাশে স্বপন দুই বন্ধুর সঙ্গে গল্প করছিলেন। হঠাৎ শাহ আলম ছুরি নিয়ে স্বপনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে স্বপনকে কয়েকটি আঘাত করে পালিয়ে যায় সে। গুরুতর আহত স্বপনকে স্থানীয় লোকজন দ্রুত কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘাতক শাহ আলম হাসপাতালের সামনে ছুরি নিয়ে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন তাকে ধরে পিটুনি দেয়। ওই পিটুনিতে সে মারাত্মকভাবে আহত হয়। পুলিশ শাহ আলমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, শাহ আলমকে আটক দেখিয়ে পুলিশের জিম্মায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আর এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মাদকাসক্ত শাহ আলম(২৮) শহরের বগাদিয়া এলাকার জালাল উদ্দিনের ছেলে।
নিহত স্বপনের আত্মীয় দেলোয়ার হোসেন জানিয়েছেন, স্বপনের ১৪ বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিনি রংমিস্ত্রির কাজ করেই সংসার চালাতেন।