নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার ঘাটপুর মধ্যপাড়া এলাকায় ফেরীঘাট-নিয়ামতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম এ খবর নিশ্চিত করেন।
নিহত দুই জনের নাম হলো– আজিজুল হক (২৭) ও তাছফিহা (৩)। সম্পর্কে তারা বাবা-মেয়ে। তাদের বাড়ি নিয়ামতপুর উপজেলার বামইন যুগীবাড়ি গ্রামে।
স্থানীয়রা জানান, বিকালে মান্দা থেকে আজিজুল হক তার মেয়েকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটপুর মধ্যপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আজিজুল ও তার মেয়ে তাছফিহা।
মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতদের লাশগুলো উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। একইসঙ্গে ট্রাক্টর ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান পরিদর্শক মাহবুব আলম।