নারায়ণগঞ্জের আড়াইহাজার ও গোপালদী পৌরসভার মেয়র ও সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (৪ জুলাই) সকালে প্রার্থীদের উপস্থিতিতে তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা।
প্রতীক বরাদ্দ পেয়েই প্রার্থীদের গণসংযোগ দ্বিগুণ গতি পায়। প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
৪ জুলাই বুধবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আড়াইহাজার ও গোপালদী পৌরসভার প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আড়াইহাজার পৌরসভার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ফয়সাল হোসেন মেয়র পদে আওয়ামী লীগের মো. সুন্দর আলীকে দলীয় প্রতীক নৌকা ও বিএনপির প্রার্থী পারভীন আক্তারকে দলীয় প্রতীক ধানের শীষ বরাদ্দ করেন।
একইভাবে গোপালদী পৌরসভার নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা সফিকুর রহমান মেয়র পদে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম এ হালিম সিকদারকে নৌকা ও বিএনপির প্রার্থী মুশফিকুর রহমান মিলনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন।
এছাড়া সংরক্ষিত নারী ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেন তারা।
গোপালদী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা সফিকুর রহমান ও আড়াইহাজার পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ফয়সাল হোসেন জানান, মেয়র-কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষ করে একাধিক ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরা একই প্রতীক দাবি করায় তাদের মধ্যে লটারি করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আগামী ২৫ জুলাই আড়াইহাজার ও গোপালদী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।