বগুড়ায় আদালত চত্বরে বিএনপিপন্থীদের বিক্ষোভ কর্মসূচি, আওয়ামী লীগপন্থীদের বাধা

bogra

বগুড়া জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বুধবার দুপুরে জেলা জজ আদালত চত্বরে কালো পতাকা মিছিল বের করেন। এতে বাধা দেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে তাৎক্ষণিকভাবে এ মিছিল বের করা হয়েছিল। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য নরেশ মুখার্জ্জী ওই কর্মসূচি ভন্ডুল করে দেওয়ার দাবি করলেও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ তা অস্বীকার করেছেন।

সাধারণ আইনজীবীরা জানান, আদালত চত্বরে মিছিল সমাবেশ করলে বিচার কার্য ব্যাহত হয়, বিচারপ্রার্থীরা আতঙ্কিত হন। আওয়ামী লীগ, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা আদালত চত্বরে  সভা-সমাবেশ না করার বিষয়ে তাই মৌখিকভাবে একমত হয়েছিলেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য নরেশ মুখার্জ্জী দাবি করেছেন, বুধবার বেলা সোয়া ২টার দিকে জাতীয়তবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ হঠাৎ করে আদালত চত্বরে কালো পতাকা মিছিল বের করেন। তখন তারা বাধা দেন। এতে বিএনপিপন্থীদের কর্মসূচি ভন্ডুল হয়ে যায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম মন্টু, পাবলিক প্রসিকিউটর আবদুল মতিন, তবিবর রহমান তবি, জাকির হোসেন নবাব প্রমুখ।

এ প্রসঙ্গে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল বাছেদ দাবি করেছেন, হাইকোর্টসহ দেশের সব আদালত চত্বরে সব রাজনৈতিক দল সভা-সমাবেশ করে থাকে। বুধবার তারাও খালেদা জিয়ার মুক্তি দাবি করে কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছেন। এতে আওয়ামী আইনজীবীরা বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি শেখ মোখলেসুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল বাছেদ, বারের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম, মোজাম্মেল হক, আতাউর রহমান,  আলী আজগর, রফিকুল ইসলাম প্রমুখ।