কোটা আন্দোলনে হামলাকারীদের বিচার দাবি রাবির ১৪ শিক্ষকের

সংবাদ সম্মেলন

কোটা সংস্কারের দাবিতে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষক। একইসঙ্গে তারা হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও গ্রেফতার শিক্ষার্থীদের আইনি সহায়তার দাবি জানান। বৃহস্পতিবার (৫ জুলাই) বিকাল ৫টায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মার্চ মাস থেকে চলমান কোটা সংস্কার আন্দোলনে দল-মত নির্বিশেষে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তাদের এই আন্দোলন শুরু থেকে অহিংস এবং শান্তিপূর্ণ ছিল। আমরা মনে করি, নিজেদের স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন-সংগ্রাম করতেই পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার।

লিখিত বক্তব্যে সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এই আন্দোলন শুরুর পর থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীদের নানাভাবে পুলিশি হেনস্তা ও হুমিক-ধামকির শিকার হতে হয়েছে। পুলিশ ও ছাত্রলীগের আগ্রাসী আচরণ এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা মামলা-হামলার ভয়ে তাদের স্বাধীন মতপ্রকাশের অধিকার যেন হারিয়ে ফেলেছে।’

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কোনও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে আমরা দেখিনি। এমনকি, পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের গ্রেফতার, মামলা ও রিমান্ডে নেওয়ার ঘটনাও ঘটেছে। হামলায় আহত শিক্ষার্থীরা সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েও হয়রানির শিকার হচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, হামলায় যারা যুক্ত ছিল তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা হোক। সেইসঙ্গে হামলায় আহত শিক্ষার্থীদের সুচিকৎসার ব্যবস্থা এবং যেসব শিক্ষার্থী গ্রেফতর হয়েছে তাদের আইনি সহায়তা দেওয়ারও দাবি জানাচ্ছি।

১৪ শিক্ষক হলেন– গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন, আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ, মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, প্রভাষক আব্দুল্লাহীল বাকী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুস্মিতা চক্রবর্তী, সহকারী অধ্যাপক ড. আমিরুল ইসলাম, নৃ-বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বখতিয়ার আহমেদ, নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক হাবিব জাকারিয়া, সহকারী অধ্যাপক শুসমিন আফসানা, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ আলী রেজা ও বাংলা বিভাগের ড. সৌভিক রেজা।