১২ দিন পর বাংলাবান্ধা স্থলবন্দরে চার দেশের আমদানি-রফতানি শুরু

পঞ্চগড় স্থলবন্দরে চার দেশের আমদানি-রফতানি শুরু

দীর্ঘ ১২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে চালু হয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম। দীর্ঘদিন বন্ধ থাকায় বাংলাবান্ধা-ফুলবাড়ী সীমান্তে ট্রাকের জট লেগে ছিল। সকাল থেকে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এতে বন্দর এলাকায় ব্যাপক কর্মচাঞ্চল্যের সৃষ্টি হয়।

আমদানি-রফতানি করা পণ্যের লোড আনলোডিংয়ে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ও স্থলবন্দরের শ্রমিক সংগঠনগুলো গত ২৩ জুন থেকে এ স্থলবন্দরে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল। এ সমস্যা নিরসনে জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়।

চলমান সমস্যা নিরসনে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ, এটিআই লিমিটেড, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও স্থলবন্দরের শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে সর্বশেষ বুধবার তেঁতুলিয়া অডিটোরিয়ামে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সমঝোতা হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়।

পঞ্চগড় স্থলবন্দরে আমদানি রফতানি শুরু

সভায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, এটিআই লিমিটেডের কর্ণধার ও পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক মামুন সোবহান, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন, আমদানিকারক তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আযম, মোখলেছুর রহমান, মো. মোজাফফর হোসেন, হারুন উর রশিদ বাবু, আনোয়ার হোসেন বাবু, সিঅ্যান্ডএফ এজেন্ট নাসিমুল হাসান, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, শ্রমিক সংগঠনের সভাপতি আকতারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও ইউসুফ আলীসহ বন্দর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট নাসিমুল হাসান জানান, বাংলাবান্ধা স্থলবন্দরের লোড আনলোডের জন্য এটিআই লিমিটেড নামের ইজারাদার প্রতিষ্ঠানকে টন প্রতি ১০৪ টাকা এবং এর সঙ্গে শতকরা ১৫ টাকা ভ্যাট দিয়ে আমদানিকারকদের টন প্রতি ১১৯ টাকা দিতে হতো। কিন্তু স্থলবন্দর কর্তৃপক্ষ ও ইজারাদার প্রতিষ্ঠান এটিআই লিমিটেড আমদানিকৃত পাথর আনলোড করে দিলেও লোড করে দিতো না। এরই প্রতিবাদে গত ২৩ জুন থেকে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। সভায় এটিআই লিমিটেড লোডের ২১ টাকা আমদানিকারকদের ফেরত দেওয়ার সিদ্ধান্তে রাজি হওয়ায় আমরা বৃহস্পতিবার থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু করেছি।

বাংলাবান্ধা স্থলবন্দর লেবার হ্যান্ডলিং প্রতিষ্ঠান এটিআই লিমিটেডের প্রতিনিধি মেহেদি হাসান খান বাবলা ও রেজাউল করিম রেজা জানান, সভায় লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে যৌক্তিকহার বিবেচনায় উভয়পক্ষের সমঝোতা হওয়ায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। 

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপক মো. মামুন সোবহান বুধবার বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মরত সকল সংগঠনের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সমঝোতা হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে চতুর্দেশীয় আমদানি রপ্তানী কার্যক্রম শুরু হয়।