আচরণবিধি মেনে প্রচার চালানোর আহ্বান আরএমপির নতুন কমিশনারের

মতবিনিময় সভায় একেএম হাফিজ আক্তার (ছবি- প্রতিনিধি)

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আচারণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার একেএম হাফিজ আক্তার। বৃহস্পতিবার (৫ জুলাই) বিকালে মহানগর পুলিশের সদর দফতরে সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

একেএম হাফিজ আক্তার বলেন, ‘জঙ্গিবাদ ও মাদক নির্মূলে আমার শক্ত অবস্থান থাকবে। এ ছাড়া, সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আগামী ১০ জুলাইয়ের পর রাজশাহীতে প্রচার-প্রচারণা শুরু হবে। আমি আশা করছি, প্রার্থীরা আচারণবিধি মেনে প্রচার চালাবেন। আমি ভালো কিছু করতে চাই। আমার এই কাজে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আমি আশা করছি, সাংবাদিকরা আমাকে সহযোগিতা করবেন।’

এসময় উপস্থিত ছিলেন– রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (মতিহার) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জয়নুল আবেদীন, এসএসপি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম প্রমুখ।