প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকা-ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল হাড়িপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দ্রুতবেগে আসা ঢাকা থেকে পঞ্চগড়গামী নাইট কোচ নাবিল এক্সপ্রেসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাজী ফার্ম লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানের চালক সাজ্জাদ (৩৪) ঘটনাস্থলেই মারা যান। সাজ্জাদের বাড়ি নড়াইল বলে জানা গেছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠান। এদের মধ্যে চার জন হাসপাতালে ভর্তি হন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক ডা. জিন্নাত পারভীন। পরে আহতদের মধ্যে তিন জনের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসের চালক শাহ আলমও (৩৭) এর মধ্যে রয়েছেন। বাকিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রংপুরে পাঠানো দুই জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানায়।
ঘটনাস্থলে উপস্থিত ঠাকুরগাঁও সদর থানার উপসহকারী পরিদর্শক বিল্লাল হোসেন জানান, প্রবল বৃষ্টির কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাভার্ড ভ্যান চালক সাজ্জাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ জানান, মুষলধারে বৃষ্টির মধ্যেও স্থানীয়দের সহযোগিতা নিয়ে পুলিশ ঘটনাস্থলে সক্রিয় রয়েছে।