কোটা আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার (৬ জুলাই) সকালে মাদারীপুরে আচমত আলী খান সেতুর এপ্রোস থেকে বাবনাতলা পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেছেন। এসময় তিনি বলেন, ‘কোটা আন্দোলনের নামে সরকারবিরোধী আন্দোলন হচ্ছে। কোটা আন্দোলনে ছাত্রলীগের কর্মীরা হামলা করছে না বরং কোটা আন্দোলনে হামলার বিষয়ে জামায়াত-শিবিরের হাত রয়েছে।’
এসময় শাজাহান খান আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, দেশে কোনও কোটা পদ্ধতি থাকবে না। এই কোটা পদ্ধতি প্রধানমন্ত্রী বাতিল করে দিয়েছেন। শেখ হাসিনা সরকার এই কোটা পদ্ধতি বাতিলের লক্ষ্যে একটি কমিটি করেছে। কমিটি বিষয়টি যাচাই-বাছাই করে রিপোর্ট দেওয়ার পরেই তা কার্যকর হবে।’
জামায়াত-শিবির, রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের সন্তানদের চাকরি দেশে হবে না উল্লেখ করে শাজাহান খান আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় রয়েছে, ততদিন স্বাধীনতাবিরোধীদের সন্তানদের সরকারি চাকরি হতে দেবে না। পৃথিবীর কোথায়ও স্বাধীনতাবিরোধীদের সন্তানদের চাকরি হয় না।’
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, খোয়াজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সীসহ অন্যরা।