জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গফুর ভূঁইয়া ওরফে স্কুটার গফুর আর নেই। শুক্রবার (৬ জুলাই) দুপুরে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এন জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আব্দুল গফুর ভূঁইয়া তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার দুই ছেলে মোবারক ভূঁইয়া শেখ রাসেল ক্রীড়া চক্রে ও মোকারম ভুঁইয়া আরামবাগ ক্লাবের হয়ে ফুটবল খেলেন।
জানা যায়, ষাটের দশক থেকে টানা এক যুগ ঢাকার মাঠের ফুটবলের আসর মাতিয়ে খ্যাতি অর্জন করেন ফুটবলার আব্দুল গফুর ভূঁইয়া। ফুটবল খেলার মাঠে বল নিয়ে দৌড়ানোর দ্রুততার জন্য সেই সময়কার দ্রুতগতির যান স্কুটারের সঙ্গে মিলিয়ে ভক্তরা তাকে ‘স্কুটার গফুর’ নামে ডাকতেন।
আব্দুল গফুর ভূঁইয়ার গোলে ১৯৭৪ সালে কলিকাতা আই এফ এ শিল্ড ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছিলেন বাংলাদেশ আবাহনী দল। জাতীয়ভাবে খেলার পাশাপাশি নরসিংদীর ফুটবল অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। তার হাতে গড়া অনেক ফুটবলার এখন জাতীয়ভাবে ফুটবল খেলছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নরসিংদীর ক্রীড়াঙ্গনে।