যমুনার পানি জামালপুরে বিপদসীমার ওপরে

যমুনার পানি জামালপুরে বিপদসীমার ওপরে (ছবি- প্রতিনিধি)

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এতে জামালপুরের ইসলামপুর উপজেলার বেশ কিছু এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় বিপদসীমা অতিক্রম করেছে। যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে ব্রহ্মপুত্র নদের পানিও বাড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়া এলাকায় যমুনা নদীর পূর্ব পাড়ের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক স্থান দিয়ে পানি ঢুকছে। এতে দক্ষিণ চিনাডুলীর দেওয়ানপাড়া গ্রামের বাড়িঘর ও ডেবরাইপ্যাঁচ বাজারের দোকানপাটে ভাঙন দেখা দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  

যমুনা তীরঘেষা দেওয়ানপাড়া এলাকার শাহজাদা বেপারি, তোতা বেপারি, লাল মিয়া, রেজাউল ইসলাম ও শাহীন মিয়া জানান, তাদের বসতঘর পানির তোড়ে ধসে গেছে। স্থানীয়রা ঘরবাড়ি, মালামাল ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন।

এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি ডেবরাইপ্যাঁচ এলাকা পরিদর্শন করেছি। পরিস্থিতি খুবই বিপদজনক। সেখানে বালির বস্তা ফেলে ড্যাম্পিং করা খুবই জরুরি। বিষয়টি জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানিয়েছি।’

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নবকুমার চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার বিকাল ৫টা থেকে শনিবার বিকাল ৫টা) যমুনার পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে ৩৯ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সন্ধ্যার দিকে পানির গতি কিছুটা কমেছে।’