রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘শুক্রবার রাত জেগে আমি ব্রাজিল বনাম বেলজিয়ামের খেলা দেখেছি। ব্রাজিল হেরেছে, কষ্ট পেয়েছি। কারণ, আমি ব্রাজিলের সমর্থক। এই ম্যাচে বেলজিয়াম যে গোল করেছে আর গোলকিপার যেসব গোল আটকে দিয়েছে –এ দুই ব্যাপারই প্রশংসাযোগ্য। আগামীতে বেলজিয়ামের মতো আমাদের গোল করে জিততে হবে; সুযোগ মিস করা যাবে না। আর তাদের (বিএনপি) সুযোগ আসলে বেলজিয়ামের গোলরক্ষকের মতো হাতের ডান-বাম দিয়ে বাইরে পাঠিয়ে দিতে হবে।’
শনিবার (৭ জুলাই) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।
সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘অপপ্রচার রুখতে হবে, নৌকার পক্ষে ভালো কথা বলতে হবে, সরকারের উন্নয়নের কথা সবাইকে জানাতে হবে। সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছাতে হবে।’
লিটন বলেন, ‘আমাদের নেত্রী প্রধানমন্ত্রী যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন আমরা রাজশাহীবাসী এক এক ধাপ করে পিছিয়ে যাচ্ছি। আমাদের দল ক্ষমতায়, অথচ আমরা সেই উন্নয়নের অংশ হতে পারছি না। এটা কষ্টের নয়, লজ্জার নয়? আমি উন্নয়নের কাজটি করতে চেয়েছিলাম। কিন্ত ২০১৩ সালে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আমাদের তা করতে দেওয়া হয়নি। অপপ্রচারকারী জামায়াত-বিএনপির নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নষ্ট করে। এবার তা করতে দেবো না। আমরা কাউকে আগ বাড়িয়ে আক্রমণ করতে যাব না। কিন্তু আমাদের বাড়িতে এসে মিথ্যা বলে ভোট নষ্ট করবে, এটা করতে দেওয়া হবে না।’
লিটন আরও বলেন, ‘রাজশাহীর নাগরিক হয়ে রাজশাহীকে পিছিয়ে দিয়েছে, ওরা কারা? যারা জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে কোনও উন্নয়ন দিলো না, ওরা কারা? যারা রাজশাহীর সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গত ৫ বছরে একটিও উন্নয়ন করতে পারেনি। আপনাদের কাছে প্রশ্ন করছি, খুঁজে বের করেন।’
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ রুহুল আমিন প্রমাণিক প্রমুখ।