নেত্রকোনায় চাল কেনার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার বিরুদ্ধে চাল ক্রয়ের নামে কমিটির অজান্তে একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটকে সাথে নিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে। জেলা ধান চাল ক্রয় কমিটি’র কৃষক প্রতিনিধি ও জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার গত ৩ জুলাই ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরে এই লিখিত অভিযোগ দায়ের করেন।

নেত্রকোনা

লিখিত অভিযোগে জানা গেছে, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। এই সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণসহ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমিটির প্রথম সভায় আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত হয় যে, তিন সদস্য বিশিষ্ট উপ-কমিটি কর্তৃক জেলায় চাউল কল ও অটো রাইস মিলের সংখ্যা চূড়ান্ত ভাবে জেলা কমিটিতে উপস্থাপনের পর চাউলের বরাদ্দ তালিকা চূড়ান্ত করে উপমন্ত্রী কিংবা বিভাগীয় কমিশনারের মাধ্যমে জেলাব্যাপী চাউল ক্রয় অভিযান উদ্বোধন করা হবে। তিনি সেই উপ-কমিটির একজন সদস্য হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত সদস্য সচিব জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা তাকে কোন কিছুই অবহিত করেননি। তিনি এ ব্যাপারে বার বার সদস্য সচিবকে তাগিদ দেওয়ার পরও সদস্য সচিব তাকে কিছু না জানিয়ে একটি দুর্নীতিবাজ সিন্ডিকেটকে সঙ্গে নিয়ে নামে বেনামে চাল ক্রয়ের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, ইতোমধ্যেই বিভিন্ন উপজেলা থেকে অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে গত ২ জুলাই বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে তিনি জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয়ে গিয়ে চাল ক্রয়ের বিষয়ে জানতে চাইলে তিনি কোন ধরনের তথ্য দিতে অস্বীকার করেন। এক পর্যায়ে তিনি তার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।

তিনি এ ব্যাপারে বিষয়টি সুষ্ঠু তদন্ত পূর্বক বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে দাবি জানান।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তাকে তার বক্তব্য প্রদানের জন্য চিঠি প্রদান করা হয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি এখনও অভিযোগ কিংবা জেলা প্রশাসকের চিঠি হাতে পাননি। অভিযোগ কিংবা চিঠি হাতে পেলে তার জবাব দেওয়া হবে।