নারায়ণগঞ্জে নির্মাণ করা হচ্ছে শ্রমজীবী নারীদের জন্য মহিলা হোস্টেল। শনিবার দুপুরে বন্দরের রাজবাড়ি এলাকায় নয়তলা বিশিষ্ট এই হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক এমপি। শূন্য দশমিক ৫৫ একর জমির ওপর প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে এই ভবনে ৭শ’শ্রমজীবী নারী থাকতে পারবেন। সেনা কল্যাণ সংস্থা এই ভবনের নির্মাণ কাজ করবেন। ২০২০ সালের মধ্যে এই বহুতল ভবনের নির্মাণ কাজ শেষ হবে।
মন্ত্রী জানান, আধুনিক সুবিধার এই ভবনটিতে শ্রমজীবী নারীরা সল্প খরচে থাকতে পারবেন। তিনি বলেন, চাষাঢ়া শ্রম কল্যাণ কেন্দ্রের জমির ওপর একটি হাসপাতালও নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, সংরক্ষিত নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, শ্রম অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ( ডিজি ) শীবনাথ রায় প্রমুখ।
পরে মন্ত্রী বন্দরের ময়মনসিংহ পট্রি এলাকায় জেলা শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য দেন। কেন্দ্রীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবুল জাহের প্রমুখ। সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, উন্নয়নের রাজনীতিতে নারায়ণগঞ্জ বন্দরের আওয়ামী লীগ, জাতীয় পাটি ও বিএনপি আজ এক মঞ্চে বসছেন। তিনি বলেন, আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি।