ডোমারে পুলিশ পরিচয়ে প্রতারণা, বাবা-ছেলে গ্রেফতার

নীলফামারী

নীলফামারীর ডোমারে পুলিশ পরিচয়ে প্রতারণা করার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ জুলাই) দুপুরে উপজেলার বাজার মসজিদ মার্কেট থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন– আবুল কালাম আজাদ (৬০) ও তার ছেলে মাইদুল ইসলাম রাহী (১৬)। পুলিশ জানায়, এ দুই জনের নামে রংপুর আলমনগর সেনপাড়ায় একটি বাড়ি ও নীলফামারীর জলঢাকা উপজেলার আলা অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আরও একটি বাড়ি রয়েছে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে আবুল কালাম আজাদ ও মাইদুল ইসলাম রাহী মসজিদ মার্কেটে যায়। এরপর পুলিশ পরিচয় দিয়ে দু’টি দোকান থেকে কাপড় নিয়ে পরিবারের সদস্যদের দেখানোর নাম করে চম্পট দিতে চেয়েছিল। কিন্তু তাদের আচরণে সন্দেহ হওয়াতে দোকানিরা থানায় খবর পাঠায়। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে।

ডোমার থানার ওসি মো. মোকছেদ আলী ব্যাপারী বলেন, ‘দুই প্রতারকের নামে মামলা হয়েছে। বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।’