নাটোরে ঘুড়ি ওড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন (১৫) সদর উপজেলার লক্ষীপুর-খোলাবাড়িয়া গ্রামের আব্দুল আওয়াল সরকারের ছেলে। সে দরাপপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বাতেন ভূঁইয়া এবং সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পিতা আওয়াল ও ইউপি চেয়ারম্যান বাতেন ভূঁইয়া জানান, সোমবার সকাল ১১টার দিকে আরিফ ঘুড়ি ওড়াতে ওড়াতে বাড়ির পাশের দবীরের মোড়ে যায়। এক পর্যায়ে ঘুড়ি নিয়ে দৌড়ানোর সময় রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে তার পা জড়িয়ে পুরো শরীর বিদ্যুতায়িত হয়। স্থানীয় দোকানি, অধিবাসী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।