ভুয়া সার্জেন্ট গ্রেফতার

Narayanjangনারায়ণগঞ্জের চাষাঢ়া থেকে আব্দুর রহমান রুবেল (৫০) নামে এক ভুয়া সার্জেন্টকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার বেলা ২টার দিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে পুলিশের কয়েকটি কেস স্লিপ উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আব্দুর রহমান রুবেল নিজেকে সার্জেন্ট পরিচয় দিয়ে নগরীর বঙ্গবন্ধু সড়কের প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় (বালুর মাঠ) বিভিন্ন পরিবহন থেকে কেস স্লিপ দিয়ে টাকা উত্তোলন করছিল। এ সময় ওই এলাকায় ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া কেস স্লিপ উদ্ধার করা হয়েছে। তবে স্লিপগুলো চাঁদপুর জেলার।

তিনি আরও জানান, রুবেল এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।