ঘোষিত বাজেটে রাজস্ব ব্যয় সংবলিত মূল অনুন্নয়ন বাজেট ৫৬.৬২ কোটি টাকা এবং উন্নয়ন বাজেট ৭৭ কোটি টাকা ধরা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধি, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য আগামী এক বছরের ব্যয় এই বাজেটে অন্তর্ভুক্ত।
প্রস্তাবিত মূল রাজস্ব বাজেটে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৭ লাখ টাকা। বেতন-ভাতা বাবদ বরাদ্দ ৩৩ কোটি ৪০ লাখ টাকা যা মোট বাজেটের প্রায় ৫৯ শতাংশ। সরবরাহ ও সেবা খাতে ১৫ কোটি ৮২ লাখ টাকা যা বাজেটের ২৮ শতাংশ। এছাড়া মেরামত ও সংরক্ষণে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি খাতে ব্যয় হবে ৬ কোটি টাকা যা বাজেটের ১১ শতাংশ।
প্রস্তাবিত উন্নয়ন বাজেটে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ’ প্রকল্পে বৈজ্ঞানিক ও ল্যাব যন্ত্রপাতি ক্রয়ে ১২ কোটি টাকা এবং আবাসিক ভবন নির্মাণে ২৮ কোটি ৩২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া একাডেমিক ভবন, লাইব্রেরি ভবন, অডিটোরিয়াম ভবন, মসজিদ, উপাসনালয় ও মেডিক্যাল সেন্টার নির্মাণে ২২ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, বিভিন্ন অনষুদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।