বুধবার (১১ জুলাই) ভোর রাতে উপজেলার কূর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ফুটু ওরফে মোন্না সদর উপজেলার রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে এবং রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাইমিনুল জানান, ‘মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল বিক্রেতা মিরপুর উপজেলার কূর্শা ইউনিয়নের আনন্দ বাজার বালুচর সংলগ্ন জোয়াদ্দারের ইটভাটার কাছে অবস্থান করছিল। এমন সংবাদ পেয়ে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনাস্থলে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যায়। এসময় দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
তিনি জানান, আহত র্যাব সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। র্যাব তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।