কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেলের ধাক্কা লেগে চার কিশোর নিহত হয়েছেন। বুধবার (২৫ জুলাই) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ খবর নিশ্চিত করেন।
নিহতরা হলেন– উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চারিয়া গ্রামের জয়নালের ছেলে সাব্বির (১৬), কামাল মিয়ার ছেলে দিপু (১৭),আয়াতউল্লার ছেলে মাসুদ (১৭) ও নজরুল মিয়ার ছেলে অন্তর (১৬)।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে চার বন্ধু কটিয়াদী থেকে নিজ গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ১১টার দিকে তারও মৃত্যু হয়।
ওসি মো. জাকির রাব্বানী বলেন, ‘তিন জনের লাশ থানায় আছে ও একজনের লাশ বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে রয়েছে।’